শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাড়ী বগুড়া হবার কারণে বিগত ভোটচোর সরকার বগুড়ার উন্নয়ন হতে দেয়নি- প্রতিমন্ত্রী শাহে আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ মে ২০২৬ ১৯:২৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, দেশের ১৩ তম নগর হিসেবে বগুড়া যাত্রা শুরু করেছে। বিগত ১৯ বছর বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাড়ী বগুড়া হবার কারণে বিগত ভোটচোর সরকার বগুড়ার উন্নয়ন হতে দেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ সারাদেশে উন্নয়ন হচ্ছে। তিনি আজ বেলা ১২ টায় ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নবনিযুক্ত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে কথাগুলো বলেন। নবনিযুক্ত বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এসময় দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বগুড়া কে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এসময় বগুড়ার শেরপুর ধুনট আসনের সংসদ সদস্য জিএম সিরাজ, সরাইকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন বিকালে নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বগুড়ার মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (রহ:) কবর জিয়ারত করেন। পরে নিজের পিতৃভূমি শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামে মরহুম পিতা মাতার কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদিমুল ইসলাম খাদেম, গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন, যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, যুবনেতা আহসান হাবিব মমিন।